Delhi Constable Kills Wife: জন্মদিনের ভোরেই নৃশংসতা! মাঝরাস্তায় ঝগড়ার জেরে শিক্ষিকা স্ত্রীকে গুলি করে পালালেন দিল্লি পুলিশের কনস্টেবল

source : আনন্দবাজার
দিল্লির পূর্বাঞ্চলের কল্যাণপুরীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এসেছে। অভিযোগ, মাঝরাস্তায় বচসার জেরে নিজের স্ত্রী প্রিয়ঙ্কা ভাটীকে গুলি করে খুন করে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছেন দিল্লি পুলিশের কনস্টেবল মণীশ ভাটী। সোমবার ভোরের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে স্কুটারে করে কোথাও যাচ্ছিলেন দম্পতি। স্কুটার চালাচ্ছিলেন মণীশ, পিছনে বসেছিলেন তাঁর স্ত্রী প্রিয়ঙ্কা। পথ চলতে চলতেই দু’জনের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে তর্কাতর্কি শুরু হয়। পরে রাস্তার মাঝেই স্কুটার থামিয়ে দু’জন নেমে আবার বচসায় জড়িয়ে পড়েন।
অভিযোগ, সেই সময়ই মণীশ ভাটী আগ্নেয়াস্ত্র বের করে স্ত্রীকে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে প্রিয়ঙ্কা রাস্তায় লুটিয়ে পড়লেও তাঁকে সেখানেই ফেলে স্কুটার নিয়ে পালিয়ে যান অভিযুক্ত।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহিলার দেহ উদ্ধার করে। তদন্তে জানা যায়, অভিযুক্ত মণীশ ভাটী দিল্লি পুলিশের অ্যান্টি-অটো থেফট স্কোয়াড (AATS)-এ কর্মরত একজন কনস্টেবল। তাঁর বয়স প্রায় ৩০ বছর। নিহত প্রিয়ঙ্কা ভাটী (২৬) পেশায় একজন স্কুলশিক্ষিকা ছিলেন।
তদন্তে আরও জানা গিয়েছে, সোমবারই ছিল প্রিয়ঙ্কার জন্মদিন। জন্মদিনের দিনই স্বামীর হাতে তাঁর মৃত্যু হওয়ায় ঘটনাটি আরও মর্মান্তিক হয়ে উঠেছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত কনস্টেবল এখনও পলাতক। তাঁকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। প্রিয়ঙ্কার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর পরিবারের সদস্যদের ঘটনাটি জানানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।






