বিষাক্ত ধুতুরা বিক্রির অভিযোগ! Amazon, BigBasket ও Instamart-এর লাইসেন্স স্থগিত করল কর্নাটক

অনলাইনে বিষাক্ত ধুতুরা ফল ও বীজ বিক্রির অভিযোগে কড়া পদক্ষেপ করল কর্নাটক সরকার। মানুষের খাওয়ার উপযোগী পণ্য হিসেবে ওই বিষাক্ত সামগ্রী অনলাইনে তালিকাভুক্ত করার অভিযোগে Amazon, BigBasket এবং Instamart-এর খাদ্য সংক্রান্ত লাইসেন্স স্থগিত করেছে কর্নাটক খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন।
কয়েকদিন আগেই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে ধুতুরা জাতীয় পণ্যের বিক্রি ও তালিকাভুক্তি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল প্রশাসন। তদন্তে জানা যায়, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ধুতুরার ফল ও বীজ বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছিল। এমনকী কোনও কোনও ক্ষেত্রে পণ্যের সঙ্গে FSSAI লাইসেন্স বা রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করা হয়েছিল বলে অভিযোগ।
কর্তৃপক্ষের দাবি, ধুতুরার ফল ও বীজ বিষাক্ত এবং মানুষের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। ফলে খাদ্যপণ্য হিসেবে এই ধরনের সামগ্রী বিক্রি বা বিতরণের অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়।
অভিযোগের ভিত্তিতে তিন সংস্থাকেই নোটিস পাঠানো হয়েছিল। তবে সংস্থাগুলির প্রতিক্রিয়া ছিল ভিন্ন। প্রশাসনের দাবি, Amazon-এর তরফে কোনও জবাব দেওয়া হয়নি। অন্যদিকে Instamart তাদের নেওয়া পদক্ষেপ সংক্রান্ত নথি জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়েছিল।
BigBasket অবশ্য জানিয়েছিল, তারা ইতিমধ্যেই ওই ‘বিষাক্ত’ পণ্যগুলির অনলাইন বিক্রি বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতে প্যাকেটের গায়ে স্পষ্টভাবে “মানুষের খাওয়ার উপযোগী নয়” লেখা থাকবে বলেও জানানো হয়।
তবে কর্নাটক খাদ্য নিরাপত্তা দপ্তরের মতে, সংস্থাগুলির দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক হয়নি। প্রশাসনের বক্তব্য, খাদ্য হিসেবে এই ধরনের বিষাক্ত পণ্য মজুত, বিক্রি বা বিতরণ করা বেআইনি।
এরপরই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Amazon, Instamart এবং BigBasket-এর খাদ্য সংক্রান্ত লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাগুলি নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পর শুনানি হবে এবং সেই শুনানির ভিত্তিতেই স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
ঘটনা সামনে আসার পর অনলাইন কুইক-কমার্স প্ল্যাটফর্মগুলিতে পণ্য তালিকাভুক্ত করার আগে পণ্যের নিরাপত্তা ও বৈধতা কতটা কঠোরভাবে যাচাই করা হয়, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।






