Jadavpur University Slogan: চুনকাম করা দেওয়ালে ফের বিতর্কিত স্লোগান, উত্তপ্ত ক্যাম্পাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন ঘিরে ফের উত্তেজনা। একের পর এক চুনকাম করে মুছে ফেলা হলেও বৃহস্পতিবার ফের বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেখা গেল নতুন ‘বিতর্কিত’ স্লোগান। ইংরেজি হরফে লেখা হয়েছে, ‘জো হিটলার ওয়ালি চাল চালেগা, ওহ হিটলার ওয়ালি মউত মারেগা।’ অর্থাৎ, যে হিটলারের মতো চলবে, তার পরিণতিও হিটলারের মতো হবে।
শুধু এই স্লোগানই নয়, দেওয়ালে লেখা হয়েছে ‘মুসোলিনি কো দে দি আজাদি, আরএসএস কো ভি দেঙ্গে আজাদি।’ কে বা কারা এই স্লোগান লিখেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই ফের এমন দেওয়াল লিখন সামনে আসায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক।
চুনকাম করেও মুছল না বিতর্ক
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত ও তথাকথিত ‘দেশবিরোধী’ স্লোগান মোছার কাজ শুরু হয়েছিল গত শনিবার রাতে। প্রথম দফায় বিভিন্ন দেওয়াল চুনকাম করে সাদা করে দেওয়া হয়।
এরপর সাদা প্রলেপের উপর ফের লেখা হয়েছিল কার্ল মার্কসের উক্তি। মঙ্গলবার সেই লেখাতেও চুনকাম করা হয়। কিন্তু বৃহস্পতিবার দেখা গেল, মুছে দেওয়া সেই দেওয়ালেই ফের নতুন করে একাধিক স্লোগান লেখা হয়েছে।
ফলে প্রশ্ন উঠছে, বারবার দেওয়াল মুছে ফেলার পরও কীভাবে ফের সেখানে লেখা হচ্ছে? কারা এই কাজ করছে, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।
দু’সপ্তাহ ধরে উত্তপ্ত যাদবপুর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও বামপন্থী ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘিরে গত দু’সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি।
এই আবহেই বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘বন্দে মাতরম যাত্রা’-র ডাক দিয়েছে এবিভিপি। একই দিনে ‘হরিপদ ভারতী স্মৃতিরক্ষা সমিতি’-র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে একটি জাতীয়তাবাদী সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, সম্মেলনের শুরুতে বেদমন্ত্র পাঠ করা হবে এবং গাওয়া হবে ‘বন্দে মাতরম’।
পালটা মিছিলের ডাক এসএফআইয়ের
অন্যদিকে বৃহস্পতিবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিছিলের ডাক দিয়েছে এসএফআই। ফলে একই দিনে দুই ছাত্র সংগঠনের কর্মসূচিকে ঘিরে ক্যাম্পাসে ফের উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে।
তার আগেই দেওয়ালে নতুন করে বিতর্কিত স্লোগান সামনে আসায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ল।
‘কিষেণজি জিন্দাবাদ’, ‘ফ্রি প্যালেস্টাইন’ ঘিরেও বিতর্ক
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মোছা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতৃত্বের তরফে ‘কিষেণজি জিন্দাবাদ’ এবং ‘ফ্রি প্যালেস্টাইন’-এর মতো স্লোগান নিয়ে আপত্তি তোলা হয়েছিল। তাঁদের অভিযোগ, শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এই ধরনের স্লোগান কোনওভাবেই কাম্য নয়।
শনিবার রাত থেকে শুরু হয় দেওয়াল পরিষ্কারের কাজ। রবিবার বিভিন্ন জায়গায় থাকা দেওয়াল লিখন চুনকাম করে ঢেকে দেওয়া হয়।
এবিভিপির দাবি ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ওই দেওয়াল লিখন মুছে দিয়েছে। অন্যদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে সিপিএম ও এসএফআই।
ফের কার্ল মার্কস, এবার হিটলার-মুসোলিনি প্রসঙ্গ
চুনকাম করা দেওয়ালে এরপর চার লাইনে কার্ল মার্কসের উক্তি লেখা হয়েছিল। অনুমান করা হয়, বামপন্থী ছাত্রছাত্রীদের কেউ বা কারা সেটি লিখে থাকতে পারেন। যদিও লেখক বা লেখকদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পরে সেই লেখাতেও চুনকাম করা হয়।
এবার সেই মুছে দেওয়া দেওয়ালেই ফের হিটলার ও মুসোলিনিকে উল্লেখ করে স্লোগান সামনে এসেছে। ফলে যাদবপুরের দেওয়াল লিখনকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
কে বা কারা এই স্লোগান লিখেছে, তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একের পর এক দেওয়াল লিখন ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






