অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা পাননি? নাম বাতিল হলে কীভাবে জানবেন এবং ফের করবেন আবেদন?

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সোমবার অর্থাৎ ১৭ আগস্ট ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। অনেকেই এই কিস্তির টাকা হাতে পেলেও বহু মহিলা তা পাননি বলে অভিযোগ। হঠাৎ কেন নাম বাদ গেল বা কার অ্যাকাউন্টে কেন টাকা ঢুকল না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এমনকি নতুন করে আবেদন বা সংশোধনের প্রক্রিয়া কী, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।
সরকারের তরফে বারবার আশ্বস্ত করা হয়েছে যে, নথিপত্র বা তথ্যে কোনো ভুয়ো বা সমস্যা না থাকলে কারও নাম বাদ যাবে না। তা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে তিন হাজার টাকা না পৌঁছায় দুশ্চিন্তায় পড়েছেন আবেদনকারীরা।
কবে এবং কোথায় মিলবে কারণ?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে পোর্টালের কাজ সাময়িকভাবে বন্ধ থাকলেও আগামী ১৯ আগস্ট থেকে পুনরায় চালু করা হবে অন্নপূর্ণার অফিশিয়াল পোর্টাল ‘সোশাল রেজিস্ট্রি’ (Social Registry)। ওই পোর্টালেই একটি তালিকা প্রকাশ করা হবে, যেখানে যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম এবং বাতিলের সুনির্দিষ্ট কারণ স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
পুনরায় আবেদন বা সংশোধনের উপায়:
১. অপেক্ষা করুন: প্রথমে ২০ আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারেন, কারণ এই সময়ের মধ্যেও বহু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা থাকে। ২. পোর্টালে স্ট্যাটাস চেক: ২০ তারিখের পরেও টাকা না ঢুকলে ‘সোশাল রেজিস্ট্রি’ পোর্টালে গিয়ে নিজের স্ট্যাটাস চেক করুন এবং দেখে নিন কী কারণে নাম বাদ পড়েছে। ৩. ক্লেইম ও অবজেকশন: কারণ জানার পর সঠিক ও আপডেট তথ্য দিয়ে পোর্টালেই ‘ক্লেইম ও অবজেকশন’ (Claim & Objection) অপশনের মাধ্যমে আবেদন করা যাবে। ৪. পুনঃযাচাই: আপনার দেওয়া তথ্য ফের ভেরিফিকেশন বা যাচাই করা হবে। যাচাই পর্বে সমস্ত তথ্য সঠিক প্রমাণিত হলে পরবর্তী কিস্তিতে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
কোন কোন কারণে বাতিল হতে পারে আবেদনপত্র?
সাধারণত নিচের ত্রুটিগুলির কারণে আবেদনপত্র বা নাম বাতিল করা হয়ে থাকে:
- আবেদনকারী বা পরিবারের কেউ আয়করদাতা (Taxpayer) হলে।
- বার্ষিক বা মাসিক আয় নির্দিষ্ট সীমার (যেমন ১০ হাজারের বেশি) বেশি থাকলে।
- ভেরিফিকেশনের সময় আধিকারিকরা বাড়িতে গিয়ে আবেদনকারীকে না পেলে নামের পাশে ‘নট ফাউন্ড’ (Not Found) স্ট্যাটাস দেখাতে পারে।






