বেঙ্গালুরুতে তুমুল বচসার জের! লিভ-ইন পার্টনারকে টেনে বারান্দা থেকে সাততলার নিচে ঝাঁপ তরুণীর, মর্মান্তিক মৃত্যু, গাছে আটকে আশঙ্কাজনক যুবক

বেঙ্গালুরুতে লিভ-ইন পার্টনারের সঙ্গে বচসার পর মর্মান্তিক পরিণতি এক তরুণীর। সাততলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ২৩ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার জননীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তাঁর ৩০ বছরের লিভ-ইন সঙ্গী।
কী ঘটেছিল?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জননী এবং তাঁর সঙ্গী দু’জনেই তামিলনাড়ুর পুদুচেরির বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তাঁরা। একটি পিজিতে লিভ-ইন সম্পর্কে ছিলেন দু’জন।
জননী পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাঁর সঙ্গী একটি লজিস্টিক সংস্থায় কর্মরত।
রবিবার কোনও একটি বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে বচসা শুরু হয় বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। অভিযোগ, এরপর জননী তাঁর সঙ্গীকে টানতে টানতে বারান্দার দিকে নিয়ে যান। সেখান থেকেই দু’জন নীচে পড়ে যান।
তরুণী সরাসরি নীচে পড়ে গেলেও যুবক আবাসন চত্বরে থাকা একটি গাছের ডালে আটকে যান। গুরুতর আঘাত পান তিনি।
ঘটনাস্থলেই মৃত্যু
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ততক্ষণে জননীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
ঘটনার পর আবাসন চত্বর ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার ঠিক আগে কী ঘটেছিল, তা জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বচসাই কি কারণ?
প্রাথমিকভাবে বচসার পরেই এই ঘটনা ঘটেছে বলে জানা গেলেও ঠিক কী কারণে দু’জনের মধ্যে ঝামেলা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
নিছক রাগের বশে এই চরম পরিণতি, নাকি ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে—সব দিক খতিয়ে দেখছে বেঙ্গালুরু পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং অন্যান্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।






