
নেপালের ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত গোটা দেশ। মৃত্যুর সংখ্যা সাড়ে ছ’শো ছাড়িয়েছে বলে খবর, নিখোঁজ রয়েছেন ২০০০-এরও বেশি মানুষ। এই নিখোঁজের তালিকায় এবার নাম উঠে এল Infosys Public Services-এর CEO ল্যাক্স গোপিসেট্টির। ব্যক্তিগত সফরে নেপালে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।
নিখোঁজ Infosys CEO
শুক্রবার একটি বিবৃতি দিয়ে ল্যাক্স গোপিসেট্টির নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত করেছে Infosys। সংস্থার তরফে জানানো হয়েছে, নেপাল সফরে যাওয়ার পর থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাঁর সন্ধান পেতে সরকারি আধিকারিক এবং সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
একইসঙ্গে ল্যাক্সের পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে সংস্থা। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার ও সহকর্মীদের মধ্যে।
সরকারি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন ল্যাক্স
Infosys-এর তথ্য অনুযায়ী, ল্যাক্স গোপিসেট্টির কাজের মূল ক্ষেত্র ছিল আমেরিকা ও কানাডার সরকারি খাত। সরকারি সংস্থাগুলিকে তাদের লক্ষ্য পূরণে কৌশল নির্ধারণ এবং কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পরামর্শ দিতেন তিনি। বেশ কয়েক বছর ধরে Infosys-এর সঙ্গে যুক্ত রয়েছেন ল্যাক্স।
ব্যক্তিগত সফরে নেপালে গিয়ে তাঁর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ আরও বেড়েছে।

নেপাল বিপর্যয়ে এখনও নিখোঁজ বহু ভারতীয়
এদিকে নেপালের ভয়াবহ বিপর্যয়ের পর সময় যত এগোচ্ছে, ততই সামনে আসছে নিখোঁজদের সংখ্যা ও ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। ভারতের বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও ৩২০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিব্বত সীমান্তের আশপাশেও বহু মানুষ আটকে রয়েছেন।
নেপালকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত। উদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য বিভিন্ন দেশ থেকেও বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল পৌঁছতে শুরু করেছে।
ভারত, চিন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে সহায়তাকারী দল নেপালের বিপর্যস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজে সহযোগিতা করছে।
প্রকৃতির ভয়াবহ তাণ্ডবে নেপাল যখন বিপর্যস্ত, তখন ল্যাক্স গোপিসেট্টির মতো আরও বহু নিখোঁজ মানুষের সন্ধান পাওয়াই এখন উদ্ধারকারী দলগুলির অন্যতম বড় চ্যালেঞ্জ।






