Cockroach Janata Party: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০-২৫ জুলাইয়ের বিক্ষোভের মামলা প্রত্যাহার

সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি পেল ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ২০ থেকে ২৫ জুলাইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি-সহ দেশের বিভিন্ন রাজ্যে যে মামলাগুলি দায়ের হয়েছিল, সেগুলি প্রত্যাহারের নির্দেশ দিল শীর্ষ আদালত। তবে দিল্লি পুলিশের চিহ্নিত ২৮৭৩ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে অতীতের অপরাধমূলক রেকর্ড থাকলে তাঁদের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়া যাবে।
শীর্ষ আদালতের এই নির্দেশের পরই আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে প্রস্তাবিত প্রতিবাদ মিছিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি।
কী হয়েছিল ২০ জুলাই?
গত ২০ জুলাই ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা-সহ পাঁচ দফা দাবিতে সংসদ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পড়ুয়া ও সমর্থক দিল্লিতে জড়ো হন।
সংসদ অভিযান ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দিল্লি পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহারের অভিযোগ ওঠে। এমনকী পেলেট গান ব্যবহারের অভিযোগও সামনে আসে। এরপর বহু বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
একই সময়ে বিভিন্ন রাজ্যেও জেন জি বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সেখানেও একাধিক মামলা দায়ের হয়।
মামলা প্রত্যাহারের আশ্বাস নিয়েও বিতর্ক
বিক্ষোভের পর কেন্দ্রের সঙ্গে ককরোচ জনতা পার্টির আলোচনা হয়। পরে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেন বলে দাবি করা হয়েছে। যন্তর মন্তরের বিক্ষোভ প্রত্যাহারের অন্যতম শর্ত ছিল, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করতে হবে।
কেন্দ্র লিখিত ভাবে সেই আশ্বাস দিলেও অভিযোগ ওঠে, বাস্তবে বহু পড়ুয়া ও আন্দোলনকারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়নি। দিল্লি ছাড়াও একাধিক রাজ্যে মামলা চলতে থাকে।
এরপরই ফের আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ককরোচ জনতা পার্টি। আগামী ৫ সেপ্টেম্বর দিল্লিতে বড় প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
সুপ্রিম কোর্টে মামলা
মামলা প্রত্যাহারের দাবিতে বিষয়টি পৌঁছয় সুপ্রিম কোর্টে। দিল্লি পুলিশের পাশাপাশি অসম, বিহার, মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গ পুলিশও সংশ্লিষ্ট মামলাগুলি প্রত্যাহারের আবেদন জানিয়েছিল। পশ্চিমবঙ্গ পুলিশের তরফে মোট আটটি মামলা প্রত্যাহারের আবেদন করা হয়েছিল।
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, ২০ থেকে ২৫ জুলাইয়ের বিক্ষোভের জেরে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহার করতে হবে। ওই সময়ের বিক্ষোভকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পড়ুয়াদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না।
৫ সেপ্টেম্বরের মিছিল প্রত্যাহার
তবে দিল্লি পুলিশের তালিকায় থাকা ২৮৭৩ জনের বিরুদ্ধে অতীত অপরাধের রেকর্ড থাকলে তাঁদের ক্ষেত্রে মামলা চলবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ ঘোষণার পরই ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস ৫ সেপ্টেম্বরের প্রস্তাবিত প্রতিবাদ মিছিল প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
ফলে আপাতত শীর্ষ আদালতের নির্দেশে বিক্ষোভ-পরবর্তী মামলা নিয়ে ককরোচ জনতা পার্টির সঙ্গে প্রশাসনের সংঘাত কিছুটা প্রশমিত হল।






