Nadia Durga Puja: রামোজি ফিল্ম সিটির আদলে পুজো মণ্ডপ, ক্লাব প্রান্তিকের চমক

সিনেমা নিয়ে বাঙালির উৎসাহের শেষ নেই। পর্দায় গল্প দেখার পাশাপাশি সেই সিনেমা কীভাবে তৈরি হয়, শুটিং সেটের নেপথ্যে কী থাকে—তা জানার আগ্রহও কম নয়। এবার সেই সিনেমার জগতকেই দুর্গাপুজোর মণ্ডপে তুলে ধরতে চলেছে নদিয়ার তাহেরপুরের ক্লাব প্রান্তিক। ২২তম বর্ষে তাদের পুজোর থিম রামোজি ফিল্ম সিটি এবং সিনেমার আইকনিক দৃশ্য।
পুজো উদ্যোক্তাদের আশা, এ বছর মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের মনে হবে তাঁরা যেন কোনও সিনেমার শুটিং সেটে এসে পড়েছেন। মণ্ডপসজ্জায় থাকবে পুরনো ও নতুন একাধিক জনপ্রিয় সিনেমার পরিচিত দৃশ্য। পাশাপাশি সিনেমার শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত এবং ফিল্ম সেটের আদলেও তৈরি করা হবে নানা অংশ।
ক্লাব সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোর আয়োজনের জন্য আনুমানিক ২৫ লক্ষ টাকারও বেশি খরচ হতে পারে। থিমের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে রামোজি ফিল্ম সিটির মূল প্রবেশদ্বারের আদলে তৈরি বিশাল গেট।
মণ্ডপের ভিতরেও থাকবে একাধিক চমক। সিনেমার সেট এবং জনপ্রিয় দৃশ্যগুলিকে বিভিন্নভাবে ফুটিয়ে তোলার পরিকল্পনা করেছেন উদ্যোক্তারা। ক্লাব সূত্রে খবর, গোটা মণ্ডপটি ১৬০ ফুটেরও বেশি চওড়া হবে।

ক্লাবের সদস্যদের বক্তব্য, দুর্গাপুজোয় সাধারণত মন্দির, রাজবাড়ি কিংবা ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে মণ্ডপ তৈরি করতে দেখা যায়। সেই চেনা ধারার বাইরে গিয়ে দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা তৈরি করতেই এবার রামোজি ফিল্ম সিটিকে থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে।
শুধু মণ্ডপ নয়, পুজো প্রাঙ্গণে থাকছে মেলার আয়োজনও। মাঠে শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে হস্তশিল্পের সম্ভার এবং বিদেশি মেলার আবহ তৈরি করার পরিকল্পনা রয়েছে। ফলে পুজো দেখতে এসে দর্শনার্থীরা একদিকে যেমন সিনেমার দুনিয়ায় ঢুকে পড়ার অভিজ্ঞতা পাবেন, তেমনই ঘুরে দেখতে পারবেন মেলা।
দ্বিতীয়ার দিন পুজোর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। প্রতিমাতেও থাকবে বিশেষ চমক। দশমীর পরেও কয়েকদিন মণ্ডপটি রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশি মানুষ থিমটি দেখার সুযোগ পান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিধায়ক-সহ বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানোর চেষ্টা চলছে।

ব্যতিক্রমী আয়োজন অবশ্য ক্লাব প্রান্তিকের কাছে নতুন নয়। উদ্যোক্তাদের দাবি, এর আগেও দুস্থ ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন বিশেষ উদ্যোগ নিয়েছে ক্লাব। খেলাধূলার ক্ষেত্রেও তাঁদের নিয়ে আয়োজন করে সাফল্য এসেছে। এবারও পুজোর আয়োজনের সঙ্গে সামাজিক ভাবনাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
রামোজি ফিল্ম সিটির আদলে বিশাল মণ্ডপ, জনপ্রিয় সিনেমার আইকনিক দৃশ্য, বিশেষ প্রতিমা এবং সোনাঝুরি হাটের আদলে মেলা—সব মিলিয়ে তাহেরপুরের ক্লাব প্রান্তিকের ২২তম বর্ষের পুজো যে দর্শনার্থীদের জন্য একেবারে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে, তা বলাই যায়।






