World’s Most Dangerous Bird: পৃথিবীর সবচাইতে ভয়ংকর পাখি! যার মাথার ‘হেলমেট’ অন্ধকারে ছড়ায় উজ্জ্বল নীল-সবুজ আলো

source : সংবাদ প্রতিদিন
ঘন জঙ্গলে হঠাৎ যদি দেখেন কোনও বিশাল পাখির মাথা নীল-সবুজ আলোয় জ্বলছে, তবে আতঙ্কিত হওয়াই স্বাভাবিক। কারণ সেটি হতে পারে বিশ্বের অন্যতম বিপজ্জনক পাখি ক্যাসোওয়ারি (Cassowary)। সম্প্রতি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে, এই বিরল পাখির মাথার বিশেষ অংশ অতিবেগুনি (UV) আলোয় উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে।
অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চল, পাপুয়া নিউগিনি এবং ইন্দোনেশিয়ার রেইনফরেস্টে বাস করে ক্যাসোওয়ারি। প্রায় ৬ ফুট লম্বা এবং ৭০ কেজিরও বেশি ওজনের এই উড়তে না-পারা পাখির প্রতিটি পায়ে থাকে প্রায় ৫ ইঞ্চি লম্বা ধারালো নখ, যা দিয়ে আত্মরক্ষার সময় ভয়ংকর আঘাত হানতে পারে। মানুষের উপর হামলার ঘটনা বিরল হলেও কোণঠাসা হলে বা ছানাদের রক্ষা করতে গিয়ে এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে।
নতুন গবেষণায় জানা গেছে, ক্যাসোওয়ারির মাথার উপরের শক্ত অংশ, যাকে ক্যাস্ক (Casque) বলা হয়, তা অতিবেগুনি আলোয় উজ্জ্বল নীল-সবুজ ফ্লুরোসেন্ট আভা ছড়ায়। সাধারণ আলোয় এই বৈশিষ্ট্য দেখা যায় না বলেই এতদিন তা মানুষের নজরের বাইরে ছিল।

‘Scientific Reports’-এ প্রকাশিত গবেষণায় জীবিত এবং জাদুঘরে সংরক্ষিত বিভিন্ন ক্যাসোওয়ারির নমুনা পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, ক্যাস্কে রয়েছে জৈব ফ্লুরোসেন্স। আরও আশ্চর্যের বিষয়, প্রতিটি প্রজাতির ক্যাসোওয়ারির ফ্লুরোসেন্ট নকশাও আলাদা।
গবেষকদের মতে, ক্যাসোওয়ারির চোখ ৩৬৫ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের অতিবেগুনি আলো শনাক্ত করতে সক্ষম। ফলে এই পাখিরা নিজেদের প্রজাতির অন্য সদস্যদের জ্বলজ্বলে ক্যাস্ক দেখতে পেতে পারে এবং যোগাযোগ বা সঙ্গী শনাক্ত করার কাজে এটি ব্যবহার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন, এই আলোকিত ক্যাস্কের মূল উদ্দেশ্য কী। ঘন রেইনফরেস্টে যেখানে সূর্যের আলো খুব কম পৌঁছায়, সেখানে এটি যোগাযোগ, সঙ্গী নির্বাচন বা প্রজাতি শনাক্তকরণে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হলেও, তা নিশ্চিত করতে আরও দীর্ঘমেয়াদি গবেষণার প্রয়োজন।






