Lionel Messi Kolkata: অবসরের পর ফের কলকাতায় মেসি, মাঠে খেলতে পারেন আর্জেন্টাইন মহাতারকা

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসর ঘোষণার পর এখনও কাটেনি ২৪ ঘণ্টা। এর মধ্যেই কলকাতার মেসিভক্তদের জন্য এল বড় খবর। গতবারের যুবভারতী ক্রীড়াঙ্গনের বিতর্কিত অধ্যায় ভুলে ফের কলকাতায় আসতে পারেন আর্জেন্টিনার মহাতারকা। এবার শুধু গ্যালারির দিকে তাকিয়ে হাত নাড়বেন না, বরং মাঠে নেমে খেলতেও দেখা যেতে পারে তাঁকে।
গতবার কলকাতায় মেসির ‘গোট ট্যুর’ ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বাংলার ক্রীড়ামহলে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ঘটনার পর থেকেই মেসিকে ফের কলকাতায় আনার বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছিলেন সফরের আয়োজক শতদ্রু দত্ত।
বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার ম্যাচের দিন সোশ্যাল মিডিয়ায় শতদ্রু জানিয়েছিলেন, ‘আসছে বছর আবার হবে। আমি আনবই।’ মেসির নাম সরাসরি উল্লেখ না করলেও সেই পোস্টের ইঙ্গিত থেকেই তাঁর ফের কলকাতায় আসার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল।

মেসিকে ফেরানোর ঘোষণা শতদ্রুর
আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে এবার সরাসরি তাঁকে কলকাতায় আনার আশার কথা জানালেন শতদ্রু দত্ত।
তাঁর মতে, মেসির বাবার মৃত্যু তাঁকে বড় ধাক্কা দিয়েছে। পাশাপাশি বয়স এবং আন্তর্জাতিক ফুটবলের চাপের কথা মাথায় রেখে মেসি এবার ক্লাব ফুটবলে বেশি মন দিতে পারেন বলেই মনে করেন তিনি।
এর পরেই কলকাতার মেসিভক্তদের জন্য সুখবর দিয়ে শতদ্রু বলেন, আগামী বছর ফের মেসিকে কলকাতায় আনার আশা করছেন তিনি। তবে এবার মেসি শুধু অতিথি হিসেবে নয়, ফুটবলার হিসেবেই তিলোত্তমায় আসতে পারেন।

ইন্টার মায়ামির সঙ্গে কলকাতায় আসতে পারেন মেসি?
জল্পনার কেন্দ্রে রয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামির সম্ভাব্য প্রাক-মরশুম সফর। দক্ষিণ এশিয়ায় প্রস্তুতি শিবির করার পরিকল্পনা হলে কলকাতা ও বাংলাদেশও সেই সফরের অংশ হতে পারে বলে শোনা যাচ্ছে।
শতদ্রুর উদ্যোগে ইন্টার মায়ামির সফর নিয়ে মেসির দলের সঙ্গে ইতিমধ্যেই একাধিক দফায় আলোচনা হয়েছে বলেও জানা যাচ্ছে। যদিও সফরের চূড়ান্ত সূচি বা মেসির উপস্থিতি এখনও নিশ্চিত নয়।
তবে এবার যদি সত্যিই ইন্টার মায়ামি প্রাক-মরশুম ম্যাচ খেলতে কলকাতায় আসে, তাহলে গতবারের তুলনায় পরিস্থিতি সম্পূর্ণ আলাদা হতে পারে। কারণ দলীয় প্রাক-মরশুম প্রস্তুতির অংশ হিসেবে মেসির মাঠে নামার সম্ভাবনাও থাকবে।
ফলে কলকাতার মেসিভক্তদের কাছে এবার স্বপ্নটা আরও বড়—গ্যালারিতে বসে মেসিকে দেখার বদলে যুবভারতীর সবুজ মাঠে বল পায়ে নামতে দেখা যেতে পারে ফুটবল মহাতারকাকে।






