গায়ে তীব্র জ্বালাপোড়া! ৫ বছর ধরে জলে কাটিয়ে দেওয়া মুর্শিদাবাদের ইকবালের চিকিৎসার দায়িত্ব নিলেন অনন্ত আম্বানি

গায়ে তীব্র জ্বালাপোড়ার কারণে বিগত ৫ বছর ধরে বেশিরভাগ সময়টাই পুকুরের জলে কাটাতে হতো মুর্শিদাবাদের ১৭ বছরের এক কিশোরকে। জল থেকে উঠলেই নামত অসহ্য কষ্ট। বিরল এই রোগে আক্রান্ত ইকবাল শেখের এমন করুণ কাহিনী নিয়ে সম্প্রতি সোশাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে গলা পর্যন্ত জলে ডুবে থাকতে দেখা যায়। এই ভিডিও নজরে আসতেই মানবতার হাত বাড়িয়ে দিলেন রিলায়েন্স গ্রুপের অনন্ত আম্বানি। তাঁরই হস্তক্ষেপে ওই কিশোরকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ে, যেখানে বর্তমানে রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে তার চিকিৎসা চলছে।
পুকুরের জলে দিন কাটত ইকবালের
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইকবাল মানসিক ভারসাম্যহীন। আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তার স্বভাবে পরিবর্তন শুরু হয়। প্রথমে এলাকার বিভিন্ন পুকুরে ঘুরে বেড়ালেও গত কয়েক মাস ধরে সে এলাকার একটি নির্দিষ্ট পুকুরেই টানা পড়ে থাকত। স্থানীয় বাসিন্দারা চিঁড়ে বা বিস্কুট দিলে তা খেয়েই জলে ভেসে থাকত সে। জল থেকে উঠে আসার কথা বললে সে কথা শুনত না এবং তাকে বাড়িতে আটকে রাখাও সম্ভব ছিল না। একটানা জলে পড়ে থাকায় তার হাত-পায়ের চামড়া সাদা হয়ে গিয়েছিল। শারীরিক এই সমস্যার পাশাপাশি সে সর্দি-কাশিতেও আক্রান্ত হয়।
ইকবালের পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে তাঁর বাবা হাসিবুর শেখের মৃত্যু হয়। মা কামিরণ বিবি বিড়ি বেঁধে কোনোমতে সংসার চালান। মানসিক হাসপাতালে দেখিয়েও লাভ হয়নি, উলটে সে মারধর করে টাকা-পয়সা কেড়ে নিয়ে পালিয়ে যেত। ফলে অভাবের তাড়নায় ইকবালের চিকিৎসা করানোর সমস্ত আশাই প্রায় ছেড়েই দিয়েছিল পরিবার।

মুম্বইয়ে উন্নত চিকিৎসা
তবে সম্প্রতি সোশাল মিডিয়ায় ইকবালের জলে ভেসে থাকার সেই মর্মান্তিক ভিডিওগুলি ভাইরাল হতেই তা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানির নজরে আসে। তিনি তৎক্ষণাৎ ওই কিশোরের চিকিৎসার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন। কদিন আগেই ইকবালকে আকাশপথে মুম্বই নিয়ে যাওয়া হয় এবং স্যার এইচ. এন. রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।






